দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

০৬ জুন ২০২৬, ১২:০২ পিএম
বিশ্ববাজারের প্রভাবে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে স্বর্ণ কমেছে ৫,৪৮২ টাকা
১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করলো বিডা
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা।
শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুনও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে এবং ৩৪ দফা কমেছে।
রুপার দামও কমেছে
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
এর আগে গত ২ জুন রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট রুপার দাম ১১৭ টাকা কমিয়ে প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেট রুপার দাম ছিল ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ৩ হাজার ৪৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ দফা দাম বেড়েছে এবং ২০ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং মাত্র ৩ বার কমেছিল।


