আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থান ফিরে পেয়েছেন। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, তালিকাভুক্ত আদানি গ্রুপভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৯.২ বিলিয়ন ডলারে।


৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এএনআই-এর বরাতে প্রকাশিত ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আদানি গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধির ফলে গৌতম আদানির সম্পদ প্রায় ২.৫ বিলিয়ন ডলার বেড়েছে। এর ফলে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান দখল করেন।


ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, বর্তমানে গৌতম আদানির সম্পদের পরিমাণ ৮৯.২ বিলিয়ন ডলার। একই সময়ে মুকেশ আম্বানির সম্পদ ৮৮ বিলিয়ন ডলার এবং সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সনের সম্পদ ৮৭ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি এনার্জি সলিউশন্সসহ আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধির কারণে তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফোর্বস জানায়, আদানি গ্রুপের আওতাধীন কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক ঊর্ধ্বগতির ফলে এই সম্পদ বৃদ্ধি হয়েছে। এর মধ্যে আদানি গ্রিন এনার্জির শেয়ার ৬.৯ শতাংশ এবং আদানি এনার্জি সলিউশন্সের শেয়ার ৩.৮ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আদানি গ্রুপের ব্যবসায়িক পরিধির বিষয়টিও তুলে ধরা হয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আদানি গ্রুপের ছয়টি প্রধান তালিকাভুক্ত কোম্পানির সম্মিলিত বাজারমূল্য ছিল প্রায় ১৯১ বিলিয়ন ডলার।

দীর্ঘ সময়ের অস্থিরতার পর আবারও শীর্ষ অবস্থানে ফেরা আদানির জন্য বড় ধরনের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। ফোর্বসের মতে, আদানি গ্রুপের শেয়ারের পুনরুদ্ধার গৌতম আদানিকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে এবং তিনি আবারও এশিয়ার ধনকুবেরদের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন।

গৌতম আদানি
এশিয়ার শীর্ষ ধনী
মুকেশ আম্বানি
ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকা