চীনা বিনিয়োগের নতুন গন্তব্য বাংলাদেশ : আশিক চৌধুরী

ছবি : সংগৃহীত
১৫ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরতে 'বাংলাদেশ দিবস' এবং বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার গুরুত্ব অপরিসীম।
ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে
চীনের খুনমিং শহরে অনুষ্ঠিত 'চায়না-সাউথ এশিয়া এক্সপো'-তে সিএমজির সিনিয়র প্রতিবেদক ইয়াং ওয়েইমিংয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
আশিক চৌধুরী জানান, অনেক চীনা উদ্যোক্তা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণ অবগত নন, তাই সরাসরি বাংলাদেশের সফর করার মাধ্যমে দেশের বাস্তবতা দেখা ভিন্ন অভিজ্ঞতা।
তিনি উল্লেখ করেন যে, এসব এক্সপোর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যা বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করবে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে এসে দেশের সম্ভাবনা উপলব্ধি করতে পারবেন।
আশিক চৌধুরী জানান, ভাষাগত ও কারিগরি জটিলতা দূর করতে চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রবর্ধন পরিষদ (সিসিপিআইটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এর ফলে চীনা বিনিয়োগকারীরা নিজস্ব ভাষায় বিডা ও সিসিপিআইটির কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় একটি 'ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক' প্রতিষ্ঠার কাজ চলছে, যা চীনা বিনিয়োগকারীদের জন্য সুবিধা তৈরি করবে। এই শিল্পপার্ক বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে গড়ে উঠবে।
বিডা আগামী ৩ থেকে ৫ বছরে বাংলাদেশ-চীন সহযোগিতার সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করেছে। ঐতিহ্যবাহী তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পাশাপাশি চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইল শিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
আশিক চৌধুরী বলেন, চীনা বিনিয়োগকারীরা যদি এসব খাতগুলোতে বিনিয়োগ করেন, তাহলে তারা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নীতিগত সহায়তা পাবেন। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ চলছে।


