ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত
১৫ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের স্থিতিশীলতা বিবেচনা করে সম্প্রতি চেয়ারম্যান খুরশীদ আলমসহ পরিচালকদের নিয়োগ বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে : সালেহউদ্দিন
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে” বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এর আগে, সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি, তারল্য চাপ এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়। চেয়ারম্যান নিয়োগের কারণে তৈরি হওয়া অসন্তোষ ও আস্থাহীনতার ফলে ব্যাংকটি ব্যাপক টাকা উত্তোলনে সংকটে পড়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করেন। একই দিনে খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে, এই নিয়োগের পর থেকেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলমান রয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানোর কারণে ব্যাংকের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তারা আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছে।


