দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে : বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


পাট রপ্তানি পুরোপুরি বন্ধ চান ব্যবসায়ীরা

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে চীনে রফতনি বাড়ানোর জন্য আমাদের স্ট্র্যাটেজি, চীন ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে, আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, আমাদের কাছে একটাই উপায় যে উপায়টি আমরা অনুসরণ করছি, বাংলাদেশে বেশি বেশি চায়নিজ বিনিয়োগ আকর্ষণ করা।


তিনি বলেন, চট্টগামের আনোয়ারায় ৮০০ একরের একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের ব্যাপারে কিছুদিন আগেই মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে আগামীতে বিপুল চায়নিজ বিনিয়োগ আসবে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেদেশের শীর্ষ নেতৃবন্দ ও বড় বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন। যার ফলে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ দেখবো। যার ফলে বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে।

মন্ত্রী আরও বলেন, চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য বিপুল গতি লাভ করবে। এতে বিনিয়োগ অবশ্যই বাড়বে।

সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ে সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজার ব্যাবস্থাপনা কমিটিতে রাজনৈতিক পরিচয়ে কাউকে রাখা হয়নি, নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।