অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক যাদের জন্য

ছবি : সংগৃহীত
২৯ জুন ২০২৬, ০১:০২ পিএম
ডিজিটাল কর ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যে দেশের অধিকাংশ সাধারণ করদাতার (স্বাভাবিক ব্যক্তি) জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকসহ নির্দিষ্ট কিছু শ্রেণিকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
ইসলামী ব্যাংকে আরো ২০০ ছাঁটাই
রোববার (২৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই নতুন নির্দেশনা জারি করা হয়।
এনবিআরের আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে, নির্ধারিত ব্যতিক্রমী শ্রেণি ছাড়া সব সাধারণ করদাতাকে বাধ্যতামূলকভাবে এনবিআরের নির্দিষ্ট ই-ট্যাক্স পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে।
বিশেষ আদেশ অনুযায়ী, যেসব করদাতা এই অনলাইনের বাধ্যবাধকতার বাইরে থাকবেন তারা হলেন—
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা,
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে),
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা,
মৃত করদাতার পক্ষে তাঁর আইনি প্রতিনিধি, এবং
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা। তবে এই ছাড়প্রাপ্ত শ্রেণির করদাতারা চাইলে সম্পূর্ণ স্বেচ্ছায় অনলাইনেই তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের আদেশে আরও উল্লেখ করা হয়, কোনো করদাতা যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে তিনি কাগজের রিটার্ন জমা দিতে পারবেন। এজন্য করদাতাকে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। পরবর্তীতে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তিনি সনাতন পদ্ধতিতে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এই উদ্যোগের ফলে করদাতারা ঘরে বসেই সম্পূর্ণ নিরাপদ ও দ্রুততম সময়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন, যা কর প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনবে। এই বিশেষ আদেশটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে এনবিআর।


