স্টুডেন্ট ব্যাংকিংয়ে যুক্ত ৬২ লাখ, আমানত ৩ হাজার কোটি টাকা

প্রতীকী ছবি
৩০ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
বাংলাদেশে স্টুডেন্ট ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে দেশে ৬২ লাখ ৭৩ হাজার শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ প্রায় ২ হাজার ৯১০ কোটি টাকা।
পাগলা মসজিদে এবার মিললো ৮ কোটি ২১ লাখ টাকা
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি স্টুডেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। ২০২৫ সালের মার্চের তুলনায় এক বছরে শিক্ষার্থীদের হিসাব প্রায় ১৮ লাখ বেড়েছে, যা প্রায় ৪০ শতাংশ প্রবৃদ্ধি। একই সময়ে আমানতের পরিমাণও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শিক্ষার্থীদের হিসাব ও আমানতের দিক থেকে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটিতে প্রায় ১৪ লাখ ৯৮ হাজার শিক্ষার্থীর হিসাব এবং প্রায় ৫৭৮ কোটি টাকা আমানত রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে শিক্ষার্থীদের প্রায় ১০ লাখ ৯৮ হাজার হিসাব এবং ৪৩২ কোটি টাকা আমানত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট স্টুডেন্ট অ্যাকাউন্টের প্রায় ৫৬ শতাংশ শহরাঞ্চল এবং ৪৪ শতাংশ গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের নামে। হিসাবের ৫৩ শতাংশ ছেলে এবং ৪৭ শতাংশ মেয়ে শিক্ষার্থীর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরে উন্নীত করে। এরপর মাত্র তিন মাসে ১৩ লাখ ৪২ হাজার নতুন শিক্ষার্থী ব্যাংকিং ব্যবস্থার আওতায় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, স্টুডেন্ট ব্যাংকিংয়ের এই প্রবৃদ্ধি দেশের আর্থিক অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর মতে, ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস ও ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে পরিচিতি ভবিষ্যতে একটি আর্থিকভাবে সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।


