ঠাকুরগাঁওয়ে রাস্তায় পড়ে ছিল অনার্স পরীক্ষার খাতা, শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ

ছবি : সংগৃহীত
০৯ মে ২০২৬, ০৪:৩০ পিএম
ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার কয়েকটি খাতা।
জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম
শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন এলাকায় ঘটনাটি নজরে আসে স্থানীয় পথচারীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটতে গিয়ে তারা মাঠের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু খাতা দেখতে পান। পরে খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার উত্তরপত্র। মোট ১১টি খাতা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতাগুলো রাস্তায় এল, কার দায়িত্বে ছিল এবং কীভাবে সেগুলো বাইরে চলে গেল—এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়রা বলছেন, পরীক্ষার খাতা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন অবহেলা শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, দীর্ঘ সময় পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পর খাতা হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার শঙ্কা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে পরীক্ষার খাতাগুলো রাস্তায় এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


