এনআইডি ফরমে যুক্ত হচ্ছে দাওরায়ে হাদিস ডিগ্রি

ছবি : সংগৃহীত
১২ মে ২০২৬, ০১:৪০ পিএম
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন প্রক্রিয়াকে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ করতে এর নিবন্ধন ফরমের শিক্ষাগত যোগ্যতার ঘরে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার ডিগ্রিও যুক্ত করা যাবে। এমনকি মাস্টার্সের সমমান পাওয়া কওমি মাদরাসার দাওরায়ে হাদিসও থাকছে এতে। পাশাপাশি এমবিবিএসসহ আরও কিছু নতুন ডিগ্রি যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন।
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদের স্থান হবে না : ববি হাজ্জাজ
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধনের সময় আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতা লেখা হতো। আলাদা করে কোনো ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতার নাম উল্লেখ করা যেত না। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, এখন থেকে মাদরাসা থেকে অর্জিত ডিগ্রির নাম উল্লেখ করা যাবে। যেমন- দাখিল, আলিম, ফাজিল, কামিল ও দাওরায়ে হাদিস। অন্যদিকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং), এমবিবিএস, এমএস/এমডি, এমফিল ও পিএইচডির মতো ডিগ্রিও এনআইডির তথ্যে যুক্ত করা যাবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এমন পরিবর্তনের কারণ হিসেবে কর্মকর্তা জানিয়েছেন, অনেকে বিদেশে যাওয়ার উদ্দেশে ভিসার আবেদন করেন। তখন দেখা যায়, আবেদনে একটি নির্দিষ্ট ডিগ্রির নাম লেখা থাকলেও এনআইডিতে শুধু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর উল্লেখ থাকে। এতে অনেক সময় নাগরিককে বিড়ম্বনায় পড়তে হয়। এ ছাড়া সুনির্দিষ্ট ডিগ্রির নাম থাকলে উন্নত বিশ্বে আলাদা মর্যাদাও পাওয়া যায়। এসব বিষয় বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রস্তাব কমিশনে পাঠিয়েছি। অনুমোদন হয়ে এলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বলেন, একজন মানুষ দীর্ঘদিন পড়াশোনা করে একটি ডিগ্রি অর্জন করেন, কিন্তু সেই ডিগ্রির নাম সুনির্দিষ্টভাবে আমাদেও ডেটাবেজে উল্লেখ থাকত না। এখন আমরা তাদের পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চতর শিক্ষার ডিগ্রিগুলো যুক্ত করার পরিকল্পনা করছি।


