আইপিএলে একাধিক পুরস্কার জিতে আলোচনায় সূর্যবংশী

ছবি : সংগৃহীত
০১ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
আইপিএলের শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী। ধারাবাহিক ও চোখধাঁধানো পারফরম্যান্সে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসরজুড়ে ব্যাটিং নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে একাধিক ব্যক্তিগত পুরস্কার জিতে নিয়েছেন এই তরুণ ব্যাটার।
বড় জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা
আসরের ১৬ ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান সংগ্রহ করেন সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই রাজস্থান রয়্যালস প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছায়। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে।
বে দল শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অপ্রতিরোধ্য সূর্যবংশী। মৌসুম শেষে তার ঝুলিতে ওঠে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি), অরেঞ্জ ক্যাপ এবং ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার। এছাড়া তিনি জিতেছেন সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজন অ্যাওয়ার্ডও।
মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই মৌসুমে এমভিপি ও ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার জয়ের বিরল কীর্তি গড়েছেন সূর্যবংশী। ২০১১ সালে ক্রিস গেইল–এর পর তিনিই প্রথম ব্যাটার, যিনি এক মৌসুমে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ স্ট্রাইক রেট—দুই বিভাগেই শীর্ষস্থান দখল করেছেন।
শুধু তাই নয়, এক আসরে সর্বাধিক ছক্কা হাঁকানোর নতুন রেকর্ডও গড়েছেন এই তরুণ তারকা। ৭২টি ছক্কা মেরে তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের ৫৯ ছক্কার দীর্ঘদিনের রেকর্ড।
অন্যদিকে, কাগিসো রাবাদা ১৭ ম্যাচে ২৯ উইকেট শিকার করে জিতেছেন পার্পল ক্যাপ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির স্বীকৃতি অর্জন করলেন গুজরাট টাইটান্সের এই পেসার।
পুরস্কার গ্রহণের পর সূর্যবংশী বলেন, এই অর্জন তার ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত। তবে তিনি এখানেই থেমে থাকতে চান না; আগামী মৌসুমে আরও ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান। একই সঙ্গে চাপের ম্যাচে খেলার অভিজ্ঞতা, ম্যাচ পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেওয়া এবং ফিটনেসের গুরুত্ব সম্পর্কে চলতি আসর থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন এই উদীয়মান তারকা।


