আইসিসি বোর্ড সভা শেষে উদ্বেগ প্রকাশ, নেওয়া হলো কমিটি গঠনের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
০১ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
বিশ্ব ক্রিকেটে একের পর এক নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দ্রুত বাড়তে থাকা এসব লিগ আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার ভারসাম্যের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বিষয়টি গভীরভাবে পর্যালোচনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় করা হয়েছে।
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরলেন নাসির
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বিস্তার নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড, খেলোয়াড় ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আইসিসির মতে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ক্রিকেটের জনপ্রিয়তা ও আর্থিক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক ক্রিকেট কাঠামোর ভারসাম্য বজায় রাখতে একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন। বিশেষ করে ভবিষ্যৎ এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) প্রণয়ন এবং আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারকে আরও কার্যকর করার ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বোর্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কার্যকর সমন্বয় কীভাবে করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।”
বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতা কাঠামো আরও শক্তিশালী করা এবং খেলাটিতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসি চেয়ারম্যান এ জে শাহ বলেন, “আহমেদাবাদে অনুষ্ঠিত আলোচনাগুলো বৈশ্বিক ক্রিকেটের সুশাসন, প্রশাসনিক উন্নয়ন এবং সম্প্রসারণে আইসিসির অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। নারী ক্রিকেট, উদীয়মান ক্রিকেট দেশ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব ক্ষেত্রেই গৃহীত সিদ্ধান্তগুলো খেলাটিকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলবে।”
সাম্প্রতিক বছরগুলোতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), এসএ২০, ইন্টারন্যাশনাল লিগ টি২০, মেজর লিগ ক্রিকেট, দ্য হান্ড্রেড এবং গ্লোবাল টি২০ কানাডার মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের উত্থান ক্রিকেটের অর্থনৈতিক পরিধি বাড়িয়েছে। তবে এসব লিগের ক্রমবর্ধমান বিস্তার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে সমন্বয়ের প্রশ্নও সামনে এনেছে।
আইসিসির আশঙ্কা, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইতোমধ্যে অনেক ক্রিকেটার জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি আগ্রহ দেখাচ্ছেন, যা কিছু দেশের আন্তর্জাতিক দলকে প্রভাবিত করছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে আইসিসি।


