মোস্তাফিজের আগুনঝরা বোলিংয়ে আবাহনীর জয়

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ০৯:০৯ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলেই দারুণ ছাপ রেখেছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। চার উইকেট শিকার করে আবাহনী লিমিটেডের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে শিরোপার দৌড়ে টিকে রইল ঐতিহ্যবাহী দলটি।


মুশফিককে ছাড়াই বাংলাদেশের দল ঘোষণা


বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নেন মোস্তাফিজ। তার বোলিং নৈপুণ্যের পরও ইরফান শুক্কুরের শতকে ভর করে রূপগঞ্জ প্রথমে বড় সংগ্রহ গড়ে। তবে বৃষ্টির কারণে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতি প্রয়োগ করা হলে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৬৩ রান।



জবাবে ব্যাট করতে নেমে ৭ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে আবাহনী। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাকের আলী, যিনি ৩০ বলে অপরাজিত ৩৩ রান করেন।

এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে মোহামেডানের সঙ্গে সমানে টিকে থাকল আবাহনী। ৯ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ব্যবধান খুবই কম। আগামী রাউন্ডগুলোতে জয় ধরে রাখতে পারলে শেষ ম্যাচে আবাহনী ও মোহামেডানের মুখোমুখি লড়াই থেকেই নির্ধারিত হতে পারে এবারের চ্যাম্পিয়ন।
মোহামেডানের দাপুটে জয়
অন্য ম্যাচে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৪২ ওভারে তারা তোলে ৩৩৩ রান। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সাব্বির হোসেন ১০৪ রানের ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ৪৬ রানের জয় তুলে নেয় মোহামেডান।


ক্রিকেটার্স একাডেমি মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৬৫ রানে অলআউট হলেও ডিএলএস পদ্ধতিতে রূপগঞ্জ টাইগার্সের লক্ষ্য নির্ধারিত হয় ১৪২ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ১২৫ রানেই থেমে যায় রূপগঞ্জ। ১৬ রানের এই জয় প্রাইম ব্যাংকের শিরোপা সম্ভাবনা জিইয়ে রেখেছে।


দিনের আরেক ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ডিএলএস পদ্ধতিতে সিটি ক্লাবকে ১৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে গুলশান ২০১ রান সংগ্রহ করে। জবাবে সিটি ক্লাব ১৮৬ রানে অলআউট হয়।
ইউল্যাব মাঠে সাইফ হাসানের ৯৫ রানের ইনিংসে ভর করে বসুন্ধরা স্ট্রাইকার্স ২৫১ রান তোলে। পরে ঢাকা লেপার্ডসকে ২২০ রানে গুটিয়ে দিয়ে ৩১ রানের জয় তুলে নেয় তারা।
উল্লেখ্য, বৃষ্টির কারণে আগের দিন অসমাপ্ত থাকা ম্যাচগুলোর বাকি অংশ শনিবার সম্পন্ন করা হয়। এদিকে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় মাঠে না নামায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

মোস্তাফিজ
আবাহনী
ঢাকা প্রিমিয়ার লিগ