ঢাকার অলিগলিতে বিশ্বকাপের উন্মাদনা

ছবি : সংগৃহীত
১৩ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানী ঢাকার অলিগলি, পাড়া-মহল্লা ও জনপদজুড়ে বইছে উৎসবের আমেজ। স্টেডিয়ামের গ্যালারি কিংবা টেলিভিশনের পর্দার বাইরে এবারও বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে প্রিয় দলের পতাকা, ফুটবল কিংবদন্তিদের গ্রাফিতি এবং খেলা দেখার বিশেষ আয়োজন।
দ্রুতই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব : বিসিবি
শনিবার (১৩ জুন) পুরান ঢাকার স্বামীবাগ, টিকাটুলি, লক্ষ্মীবাজার, নারিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় তরুণদের উদ্যোগে বিশ্বকাপ উপলক্ষে তৈরি হয়েছে নানা আয়োজন। কোথাও সাজানো হয়েছে ‘ফিফা গলি’, কোথাও বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। ভবনের দেয়ালে ফুটে উঠেছে মেসি, ম্যারাডোনা, নেইমারসহ বিশ্ব ফুটবলের তারকাদের প্রতিকৃতি।
স্বামীবাগের কে এম দাস লেনের ‘ফিফা গলি’ এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। গলির প্রবেশমুখে বিশেষ ফটক এবং দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতি দেখতে প্রতিদিনই ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ পরিবার নিয়ে ঘুরে দেখছেন এই ব্যতিক্রমী আয়োজন।
আর্জেন্টিনা সমর্থক আমিনুল হাসান বলেন, “বিশ্বকাপ নিয়ে এবারের উত্তেজনা অন্যরকম। গলির গ্রাফিতিগুলো খুবই চমৎকার হয়েছে, বিশেষ করে ম্যারাডোনার ছবিটি।”
বিশ্বকাপের আবহে পিছিয়ে নেই শিশুরাও। বিভিন্ন গলিতে সকাল-বিকেল ফুটবল হাতে দেখা যাচ্ছে খুদে খেলোয়াড়দের। কেউ আর্জেন্টিনার জার্সি পরে খেলছে, কেউ আবার ব্রাজিলের সমর্থনে মাঠে নামছে। স্কুলপড়ুয়া তৌফিক জানায়, বিশ্বকাপের সময় ফুটবল খেলতে তার সবচেয়ে বেশি ভালো লাগে।
অন্যদিকে, বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে বড় পর্দা। লক্ষ্মীবাজার, টিকাটুলি, নারিন্দা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। শিক্ষার্থী ইশতিয়াকের ভাষায়, “বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা।”
চায়ের দোকানগুলোও এখন ফুটবল বিতর্কের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফ্রান্স—কোন দল শিরোপা জিতবে, তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক ও বিশ্লেষণ। রিকশাচালক থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিশ্বকাপ।
সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানী ঢাকা পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসব নগরীতে, যেখানে খেলা শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, বরং মানুষের আবেগ, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের অংশ হয়ে উঠেছে।


