চট্টগ্রামে ক্রিকেট, গ্যালারিজুড়ে যেন আর্জেন্টিনার উন্মাদনা

ছবি : সংগৃহীত
১৭ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ।
দুপুরে আবদার, রাতেই বাড়ল নারী ক্রিকেটারদের বেতন
দুপুর ২টায় খেলা শুরু হলেও, দুপুর ১টার পর থেকেই স্টেডিয়াম এলাকার চারপাশে জমতে থাকে সমর্থকদের ভিড়। তবে দর্শকদের উপস্থিতি আর তাদের পোশাক-পরিচ্ছদ দেখে মনে হচ্ছিল, যেন ক্রিকেট নয়—মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল দল!
বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ সকাল ৭টায় মাঠে নেমেছিল আর্জেন্টিনা। লিওনেল আন্দ্রেস মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাগরিকার জায়ান্ট স্ক্রিনেও ম্যাচটি সম্প্রচার করা হয়, যদিও তখন সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না।তবে দুপুরে ক্রিকেট ম্যাচ শুরুর পর পুরো গ্যালারির চিত্রই বদলে যায়। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হওয়া ম্যাচের রেশ ছড়িয়ে পড়ে চট্টগ্রামের সাগরিকাতেও। গ্যালারিজুড়ে দেখা যায় আকাশী-সাদা জার্সির আধিপত্য।
দল বেঁধে আর্জেন্টিনার জার্সি গায়ে করেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে আসেন অসংখ্য দর্শক। প্রিয় দলের দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস ছিল তাদের চোখেমুখে। বিশ্বকাপ অভিযানে দাপুটে সূচনা করায় সেই আনন্দ নিয়েই ক্রিকেট মাঠে হাজির হন সমর্থকেরা।
২৭ বছর বয়সী আর্জেন্টিনা সমর্থক আকরাম হোসেন বলেন, ‘সকালের শুরুটাই ছিল অসাধারণ। মেসি যেভাবে খেলেছে, তাতে মন ভরে গেছে। তাই আজ আর এই জার্সি খোলা হবে না, এটা পরেই খেলা দেখতে চলে এসেছি।’
সীতাকুণ্ড থেকে ছেলে নিয়ে খেলা দেখতে আসেন কামরান শেখ। বাবা-ছেলে দু’জনের গায়েই ছিল আর্জেন্টিনার জার্সি। তিনি বলেন, ‘ভোরে উঠে আর্জেন্টিনার ম্যাচ দেখেছি। মেসির পারফরম্যান্স দারুণ লেগেছে। এরপর কয়েকবার হাইলাইটসও দেখলাম। তারপর ছেলেকে নিয়ে বাংলাদেশের খেলা দেখতে চলে এলাম।’
শুধু আকরাম বা কামরান নন, সাগরিকার গ্যালারিতে থাকা হাজারো দর্শকের বড় একটি অংশের গায়েই দেখা গেছে আর্জেন্টিনার জার্সি। তবে আর্জেন্টিনার জয়ে আনন্দে ভাসলেও বাংলাদেশের সমর্থকদের দুপুরটা সুখকর হয়নি। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ছন্দ হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৩১ রানেই থেমে যায় স্বাগতিকরা। পরে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।


