খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
০৯ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদক ও মোবাইল আসক্তি দূর করার জন্য আমরা আমাদের সন্তানদেরকে খেলার মাঠে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে।
টিভিতে সম্প্রচার হচ্ছে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ
শনিবার ( ৮ আগস্ট) বিকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালীন সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে পাঠক্রম লেখার যে কার্যক্রম সেটি শেষ পর্যায়ে রয়েছে। ইনশা-আল্লাহ আগামী ২০২৭ এ শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলাকে বাধ্যতামূলক করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা নতুন কুঁড়ির মাধ্যমে প্রতিভা অন্বেষণ এবং বাংলাদেশের পক্ষে অলিম্পিকসহ অন্যান্য বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মাধ্য দিয়ে আরও বেশি পদক ছিনিয়ে আনতে পারি সেদিকে বিশেষ নজর রয়েছে।
আমাদের জাতীয় খেলা কাবাডি এবং ঐতিহ্যবাহী লাঠিখেলা নিয়ে কি পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। ইতোমধ্যে আমাদের একটি ফেডারেশন রয়েছে যেটি কাবাডিসহ বহুল প্রচলিত যেসকল গ্রামীণ খেলাধূলা রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে। ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস এ কাবাডি বাধ্যতামূলক করা হয়েছে। কাবাডির উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি মো. রাশেদ খাঁন, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা।


