এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল টানা দ্বিতীয় জয় পেয়েছে। আজ (শনিবার) সকালে গিফুতে বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। গত ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
ম্যাচের শুরুতেই লিড নেয় ইন্দোনেশিয়া। ৬ মিনিটে দলটির ফাতুর মোছামাদ গোল করে দলকে এগিয়ে নেন। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আমিরুল ইসলাম গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান বাংলাদেশকে। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি।
আরও পড়ুন
তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। গত দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন জিমি। বাতিলের খাতায় ফেলে দেওয়া জিমি আজ গোল করেছেন।
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। এরপর ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।




