ঢাকা-ময়মনসিংহে সব ধরনের অনলাইন জিডি চালু

প্রতীকী ছবি
৩০ জুন ২০২৫, ০২:২৭ পিএম
ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার থানাগুলোতে মঙ্গলবার (১ জুলাই) থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে পুলিশ।
চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন
বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। ইতোপূর্বে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।
মঙ্গলবার থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু হবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।


