বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

ছবি : সংগৃহীত
১৭ মে ২০২৬, ০৬:১০ পিএম
বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল (সোমবার) থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে।
আশুলিয়ায় ২৫ কারখানায় সাধারণ ছুটি
রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
মন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখতে সংশ্লিষ্ট কোম্পানির প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের বিষয়েও তিনি আহ্বান জানান।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। তারা বলেন, বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়।
প্রতিনিধিদল আরও জানায়, আগামীকাল শুরু হওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার চালক বাছাই করা হবে। চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে বাংলাদেশি শ্রমিকদের অনেক খরচ হয়, ফলে অনেকেই ঋণ নিয়ে বিদেশে যান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে সীমিত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা ড্রাইভারের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

-677cd396c96a9.jpg)
