সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ছবি : সংগৃহীত
০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পিএম
আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচার-প্রচারণা নিয়ে।
নতুন সরকারের প্রথম কনসার্ট আজ
এদিকে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রিনা খান।
রিনা খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান।
গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপিপন্থি সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, তিনি দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এ সময় তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকেও নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।


