পাকিস্তানে স্টারলিংকের অনুমোদন স্থগিত

ছবি : সংগৃহীত
০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পিএম
পাকিস্তানে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর জন্য স্টারলিংককে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে দেশটির সরকার। তথ্য নিরাপত্তা, ভূরাজনৈতিক বিষয় এবং আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন
তিন শতাধিক কর্মী ছাটাই করছে ওয়াশিংটন পোস্ট
স্টারলিংক পাকিস্তানের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে প্রবেশে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর একটি। তবে সরকারি কর্মকর্তাদের মতে, কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও কৌশলগত বিষয় এখনও চূড়ান্তভাবে সমাধান না হওয়ায় অনুমোদন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার মাধ্যমে এমন কিছু তথ্য আদানপ্রদান হতে পারে, যা দেশের বিদ্যমান নজরদারি ও নিরাপত্তা কাঠামোর বাইরে থেকে যেতে পারে। এই পরিস্থিতিতে গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিত না করে কোনো লাইসেন্স দেওয়া সম্ভব নয় বলে মনে করছে সরকার।
এ ছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সাম্প্রতিক মতবিরোধও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে বলে জানা গেছে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে ইতিবাচক অবস্থায় থাকায়, ইসলামাবাদ এমন কোনো সিদ্ধান্ত নিতে সতর্কতা অবলম্বন করছে যা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলতে পারে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মূল উদ্বেগের জায়গা নিরাপত্তা। পরীক্ষামূলক পর্যবেক্ষণে দেখা গেছে, স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি হতে পারে। এই ঝুঁকি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে সরকার এখনও কাজ করছে।
বর্তমানে পাকিস্তানের ইন্টারনেট ডেটার একটি বড় অংশ সমুদ্রের নিচে থাকা কেবল অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ন্ত্রণ রয়েছে। স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট চালু হলে সেই নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে।
স্যাটেলাইট ইন্টারনেট সেবা মূলত বেলুচিস্তানের মতো দুর্গম এলাকায় চালুর পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রচলিত ইন্টারনেট সেবা সীমিত। বর্তমানে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনে ইন্টারনেট সংযোগ নজরদারি বা সাময়িকভাবে বন্ধ করার সক্ষমতা কর্তৃপক্ষের হাতে রয়েছে। তবে স্যাটেলাইট সেবার ক্ষেত্রে এই ধরনের নিয়ন্ত্রণ কার্যকর করা তুলনামূলকভাবে কঠিন হতে পারে।
স্টারলিংক পাকিস্তানে সেবা চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির বড় একটি অংশ সম্পন্ন করেছে। তবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি।
বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠান পাকিস্তানে স্যাটেলাইট ইন্টারনেট সেবার লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে। এসব প্রতিষ্ঠান দেশটিতে উল্লেখযোগ্য বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তান স্পেস অ্যাকটিভিটিজ রেগুলেটরি বোর্ডের তথ্য অনুযায়ী, চীনের একটি স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠানসহ ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক কয়েকটি সংস্থাও এই বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানে চীনা কোম্পানিগুলোর উপস্থিতি তুলনামূলকভাবে বেশি হওয়ায় স্যাটেলাইট ইন্টারনেট বাজারেও প্রতিযোগিতা বাড়ছে। তবে লাইসেন্সিং কাঠামো চূড়ান্ত না হওয়ায় পুরো প্রক্রিয়াটি বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।
পাকিস্তানের ইন্টারনেট সেবা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর আগে প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন হবে।


