যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখলেন কিম জং উন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

বিশাল আকৃতির নতুন একটি যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার (৫ মার্চ) জানায়, গত মঙ্গল ও বুধবার, দুই দিন ধরে পশ্চিমাঞ্চলের নৌ ঘাঁটিতে কো হিউন নামের পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন কিম জং উন। এ সময় যুদ্ধজাহাজটিতে সংযোজিত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষাও পরিদর্শন করেন তিনি।


গুজরাটে গ্রেপ্তার বাংলাদেশি নারী

পরিদর্শন শেষে কিম বলেন, ‘কো হিউন আমাদের নৌবাহিনীর পারমাণবিক ক্ষমতা সম্প্রসারণ ও আক্রমণাত্মক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।’


কেসিএনএ জানায়, নতুন জাহাজটিকে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র বহন করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। বিমান, নৌ-যুদ্ধাস্ত্রের পাশাপাশি জাহাজটিতে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম বলছে, জাহাজটি সম্ভবত রাশিয়ার সহায়তায় নির্মিত হয়েছে। তবে জাহাজটি এখনই ব্যবহারের জন্য প্রস্তুত কি না, তা নিয়ে সংশয় রয়েছে কর্মকর্তাদের।

মঙ্গলবার কো হিউনের পরীক্ষা পর্যবেক্ষণ করার পরে কিম বলেছেন, জাহাজটি প্রত্যাশা পূরণ করেছে। এ সময় এটিকে দেশের নৌ সক্ষমতা সম্প্রসারণের প্রতীক হিসেবে অভিহিত করেন তিনি।

আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে মনোযোগী থাকলেও সম্প্রতি নৌ সক্ষমতা সম্প্রসারণের দিকে মনোযোগ দিয়েছেন কিম জং উন। অনেকেই বলছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমা নিয়ে নতুন পরিকল্পনা থাকতে পারে তার।