খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে মনোয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় তারেক রহমান এবং দুপুর দুইটায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির দুটি প্রতিনিধিদল। দুই দলের নেতৃত্বে ছিলেন যথাক্রমে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচনী সমন্বয়কারী হেলালুজ্জাামান তালুকদার লালু।


জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।


মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘ তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের। আশা করি, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।’

দুপুর ২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছে থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচনী সমন্বয়কারী হেলালুজ্জাামান তালুকদার লালু।

এ সময় হেলালুজ্জাামান তালুকদার লালু বলেন, ‘বগুড়া-৭ আসন থেকে দেশমাতা খালেদা জিয়া নির্বাচন করবেন। আজ আমরা তার মনোনয়নপত্র উত্তোলন করলাম। আলহামদুলিল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসার পর তার সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র কোথায় কবে জমা দেয়া হবে, সেটি জানিয়ে দেয়া হবে।’

মনোনয়নপত্র উত্তোলনের সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নেওয়া হবে। বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি বিএনপির দুর্গ বলে সবার কাছে পরিচিত।