আশার আলো দেখাবেন তারেক রহমান
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন

ছবি : সংগৃহীত
২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
চোখে অশ্রু নিয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর চোখে অশ্রু নিয়েই আজ তিনি ফিরছেন জন্মভূমি বাংলাদেশে। দীর্ঘ নির্বাসিত জীবনের পথে তাকে সইতে হয়েছে একের পর এক ব্যক্তিগত ও রাজনৈতিক ট্র্যাজেডি-- প্রিয় ছোটভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, বিনা অপরাধে কারাবন্দি মা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা, দলের ওপর দমন-পীড়ন ও নেতৃত্বকে ধ্বংসের অবিরাম চেষ্টা।
সাংবাদিকতা এবং রাজনীতির মিশ্রধারায় আতিকুর রহমান রুমন
কারাগারে থাকা অবস্থায় ছোটভাই আরাফাত রহমান কোকোর অসুস্থতা ও মৃত্যুসংবাদ তারেক রহমানকে ভেঙে দেয়। কারাসূত্রে জানা যায়, সেই সময় দীর্ঘক্ষণ কান্নায় ভিজে গিয়েছিল তার জামা দু’চোখের লোনা পানিতে। পরে নিজেও গুরুতর অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। তবে সেখান থেকে দেশে ফেরার সব পথ বন্ধ করে দেওয়া হয়।
আজ ২৫ ডিসেম্বর, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রত্যাশা। এমন এক সময়ে দেশে ফিরছেন তিনি, যখন জাতি গভীর হতাশায় নিমজ্জিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, টার্গেট কিলিং ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাহীনতা সাধারণ মানুষকে চরম উদ্বেগে ফেলেছে।
বিশ্লেষকদের মতে, এই সংকটময় সময়ে তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে।
২০০৭-০৮ সালে তৎকালীন ফখরুদ্দিন-মইনউদ্দিন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ‘মাইনাস টু’ ফর্মুলার মাধ্যমে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করার যে চেষ্টা চালানো হয়েছিল, তার অন্যতম শিকার হন তারেক রহমান ও তার পরিবার। কোনো মামলা বা অভিযোগ ছাড়াই রাজনৈতিক নেতাদের আটক, রিমান্ডে নির্যাতন এবং পরিবারকে হয়রানির অভিযোগ ছিল সেই সময়ের বাস্তবতা। পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়েও তারেক রহমানের দেশে ফেরার পথ বন্ধ থাকে।
প্রায় ২০ বছরের নির্বাসিত জীবন শেষে আজ তার প্রত্যাবর্তন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। হতাশাগ্রস্ত ও বিভক্ত জাতিকে নতুন করে আশার আলো দেখাতে পারবেন কি-না, সে প্রশ্নই এখন সবচেয়ে বড়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং দেশের রাজনীতি কোন পথে এগোবে, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।


