সব সরকারি অফিসে জরুরি আদেশ

নিউজ ডেস্ক

১১ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সব ধরনের যোগাযোগে বিশেষ লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান দিকে নির্ধারিত এই লোগোটি ব্যবহার করতে হবে।


ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির প্রেক্ষাপটেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। লোগো ব্যবহারের পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগো সম্বলিত ব্যানার প্রদর্শনের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


মূলত নির্বাচনের আমেজ তৈরি এবং জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে এবং কেন্দ্রীয় সচিবালয়ের সব ধরনের পত্র আদান-প্রদানে এই বিশেষ লোগোটি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান থাকবে। গণভোট ও নির্বাচনকে ঘিরে সরকারের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে।