ঢাকার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে যৌথ বাহিনী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পিএম

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে ঘিরে তাই রাজধানীজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিয়ে দেখা গেছে যৌথ বাহিনীকে। পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ছিল ব্যাপক তৎপরতা। এসময় বিভিন্ন সড়কে বিজিবির এপিসি টহল দিতে দেখা যায়।


পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

দেখা যায়, ব্যস্ত রাজধানী এখন অনেকটাই নিয়ন্ত্রিত, অনেক বেশি সতর্ক। প্রতিটি সড়কেই চোখে পড়ছে নিরাপত্তার কড়া নজরদারি। ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে সাধারণ ও সাপ্তাহিক মিলে ৪ দিনের ছুটি পাওয়ায় রাজধানী ছেড়েছে হাজার হাজার মানুষ। তাদের মধ্যে কেউ বাড়ি যাচ্ছেন ভোট দিতে, আবার কেউ যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আবার ট্রেনের চিত্র ছিল ভিন্ন; কামরায় জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চড়ে মানুষকে ঘরে ফিরতে দেখা গেছে।

রাজধানী রাস্তায় নেই তেমন যানবাহন। কিছুটা ভোগান্তি তৈরি হলেও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নগরবাসীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে যৌথবাহিনী।

তাছাড়া ভোটকেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। দিনভর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন তারা।

এছাড়া বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি। সন্দেহভাজন মনে হলেই গাড়ি তল্লাশির পাশাপাশি চলাচলের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এবার কোনোভাবেই নির্বাচনকে বিতর্কিত করতে চান না তারা। ভোটারদের নিরাপত্তা দিতে সবোর্চ্চ সর্তক থাকবেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।