এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পিএম

তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ হিসেবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দলটির আত্মপ্রকাশ ঘটে।


স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল : আসিফ মাহমুদ

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচির আয়োজন করেছে দলটি।


‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— স্লোগানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে হবে ইফতার মাহফিল। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ছিল এনসিপি। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় দলটি। এর প্রতীক শাপলা কলি। নির্বাচনে দলটি মোটামুটি সাফল্য অর্জন করেছে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে যুক্ত হয়ে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ ছয় শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেছেন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

তিনি বলেন, এই দিনটি উপলক্ষে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী দল-সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ সবাইকে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি।

সে অনুযায়ী আজ বিকাল ৪টায় কেন্দ্রীয়ভাবে ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির ইফতার মাহফিল হবে।

এতে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অসংখ্য সহযোদ্ধা, বন্ধু ও সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।

সেখানে চিত্রপ্রদর্শনীও চলবে। পাশাপাশি দীর্ঘ এক বছরে দলটির রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা ধারাবাহিক প্রোমো থাকবে। নাম হবে স্ট্রিট ওয়াল। সেখানে থাকবে ফটো বুথও।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে বিভাগীয় এবং ৩ মার্চ কুমিল্লায় ইফতার মাহফিল করা হবে বলেও জানিয়েছে এনসিপি।