আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব? বিএসএফকে বিজিবির কড়া জবাব

ছবি : সংগৃহীত
১০ জুন ২০২৬, ০৪:০০ পিএম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আ’লীগ-ছাত্রদল সংঘর্ষে গ্রেপ্তার ২৫, ওসি বদলি
বুধবার (১০ জুন) সকালে সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা এবং স্থানীয়রা সীমান্তে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ওই বৃদ্ধকে নিজেদের নাগরিক হিসেবে কেউই স্বীকৃতি না দেওয়ায় কোনো সমাধান হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক চলাকালে দুই বাহিনীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার হুমকি দিলে বিজিবি সদস্যরা তার মুখের ওপর কড়া প্রতিবাদ জানান। বিজিবি সদস্যরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনি কেন গুলি করার কথা বললেন? গুলি শুধু আপনাদের কাছেই নেই, আমাদের কাছেও আছে। আপনারা গুলি করলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব?
প্রত্যক্ষদর্শীদের মতে, বৈঠকের সময় দুই বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করা ওই ব্যক্তিকে ঘিরে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরেই এই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চলছে, তবে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে।


