আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত
২৮ জুন ২০২৬, ০২:১০ পিএম
দেশের মহাকাশ গবেষণা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা—স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যান তিনি। আজ রবিবার সকালে স্পারসো কার্যালয়ে পৌঁছে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চলমান গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকতায় নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
সফরকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গবেষণার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজেদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিগত অর্জন এবং গবেষণামূলক কর্মকাণ্ডের বিস্তারিত উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, দেশের মহাকাশ গবেষণা সক্ষমতা বাড়াতে স্পারসোকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। তিনি প্রতিষ্ঠানটিকে এমন একটি স্বনির্ভর গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যা জাতীয় উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট গবেষণা এবং দূর অনুধাবন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পারসো দেশের একমাত্র রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, যা উপগ্রহ প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান এবং রিমোট সেনসিং প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে কাজ করে আসছে। কৃষি, আবহাওয়া, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং জাতীয় পরিকল্পনায় প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


