এআই দিয়ে গাড়ির হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত
১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
রাজধানীতে শব্দদূষণ কমাতে ট্রাফিক সিগনালের মতো যানবাহনের হর্নও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার আদলে হর্নের অতিরিক্ত ব্যবহার শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বৈঠকে ইটভাটাজনিত বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঢাকায় আরও অন্তত ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট (অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম) দ্রুত চালুর তাগিদও দেন তিনি।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


