কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?

ছবি : সংগৃহীত
২৫ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে চারটি নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ
বিএনপি ও সরকারি দলের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব এম নাসিমুল গনি। তবে এ বিষয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নাম নিশ্চিত করা হয়নি।
দলীয় সূত্রগুলোর দাবি, অভিজ্ঞতা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় রেখেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জনও রয়েছে যে, আলোচনার বাইরে থাকা কোনো ব্যক্তিকেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে।
এ বিষয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সেটি সময়ই বলে দেবে।"
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কোনো প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বী না থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এ মুহূর্তে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে জোর আলোচনা চললেও, নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।


