মাসে ৯০ হাজার টাকা-পিএস; পদত্যাগের পরও যা পাবেন চুপ্পু

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরও একাধিক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বিদ্যমান আইন অনুযায়ী, দায়িত্ব পালন শেষে বা পদত্যাগের পর একজন সাবেক রাষ্ট্রপতি আজীবন পেনশন, চিকিৎসা সুবিধা, নিরাপত্তা, কূটনৈতিক পাসপোর্টসহ নানা সরকারি সুবিধা ভোগের অধিকারী হন।


ফেসবুকে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা

বর্তমান আইনে রাষ্ট্রপতির মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে অবসরের পর তিনি প্রতি মাসে মূল বেতনের ৭৫ শতাংশ, অর্থাৎ ৯০ হাজার টাকা পেনশন পাবেন। চাইলে অবসরের এক মাসের মধ্যে আবেদন করে মাসিক পেনশনের পরিবর্তে এককালীন আনুতোষিকও গ্রহণ করতে পারবেন। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোনো সরকারি চাকরির পেনশন পেয়ে থাকলে, দুটি পেনশনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।


শুধু মাসিক ভাতাই নয়, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির দাপ্তরিক কাজের জন্য একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেনড্যান্ট এবং প্রয়োজনীয় অফিস পরিচালনার সরকারি সহায়তাও থাকবে। পাশাপাশি তিনি ও তাঁর স্ত্রী একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন। প্রয়োজন হলে দেশে বা বিদেশে চিকিৎসার ব্যয়ও সরকার বহন করবে। এছাড়া আজীবন কূটনৈতিক পাসপোর্ট, নির্ধারিত ক্ষেত্রে সরকারি যানবাহন ব্যবহার, সরকারি রেস্ট হাউসে অবস্থান এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত সরকারি খরচে টেলিফোন ব্যবহারের সুবিধাও বহাল থাকবে। 


তবে এসব সুবিধা চিরস্থায়ীভাবে নিশ্চিত নয়। ভবিষ্যতে তিনি যদি নতুন কোনো লাভজনক সরকারি পদে যোগ দেন, অথবা আদালতে নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে রাষ্ট্রপতির অবসরভাতা ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা বাতিল হতে পারে। আর তার মৃত্যুর পর আইন অনুযায়ী তার স্ত্রী প্রাপ্য পেনশনের দুই-তৃতীয়াংশ পরিবার পেনশন হিসেবে পাবেন।