বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সংবর্ধনা গ্রহণের পর তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি
বিমানবন্দর ত্যাগের আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা, যাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিমানবন্দর ত্যাগের পর তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে ৩০০ ফিট রোড বা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে এবং সামনে লেখা আছে “সবার আগে বাংলাদেশ।” পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
এ সময় বিমানবন্দর ও রাস্তার দু’পাশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।


