১ পরিবারের ৩ এমপি বিএনপির

ছবি : সংগৃহীত
২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তার বাবা সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনের সংসদ সদস্য। অন্যদিকে শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন ঢাকা-৩ আসন থেকে। ফলে একই পরিবার থেকে তিনজনকে জাতীয় সংসদে দেখা যাবে।
সাধুবাদ জানালেন চরমোনাই পীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী না হলেও বাবা আর শ্বশুরের মাগুরা ও ঢাকার নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন নিপুন রায় চৌধুরী।
এদিকে পরিচিত মুখ হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি আলোচিত অনেক প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী।
তালিকায় নাম নেই ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার এবং নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার। বাদ পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের স্ত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তবে দলীয় সূত্র বলছে, চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়লেও শেষ পর্যন্ত দল তাদের ভিন্নভাবে মূল্যায়ন করতে পারে।


