এমপিওভুক্ত হতে যাচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত
০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বিবেচনাযোগ্য করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
রিজভীকে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সারা দেশে নির্ধারিত সময়ের মধ্যে ৩ হাজার ৬১৫টি নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তালিকায় নিম্ন-মাধ্যমিক প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭১টি, মাধ্যমিক প্রতিষ্ঠান ৬২৩, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৫টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ রয়েছে ১৪৫টি।
এ ছাড়া স্নাতক (পাস) ৭৮টি প্রতিষ্ঠান, স্নাতক (সম্মান) ২৩২টি এবং স্নাতকোত্তর ৩৫টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলে চলতি অর্থবছরে ৩ মাসের জন্য আনুমানিক প্রয়োজন হবে ১৬৭.১৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের মধ্য থেকে উপযোজনের মাধ্যমে সংস্থান করা হবে। এমপিও নীতিমালা প্যাটার্ন অনুযায়ী নিয়োগ করা শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বাবদ স্তর অনুযায়ী বছরে সর্বমোট ৬৭০.১৩ কোটি টাকা প্রয়োজন হবে।
জানতে চাইলে সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিবেচনাযোগ্য করে তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুদিন পর এর পরিবর্তে যথাযথভাবে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে।’
তিনি আরও বলেন, ‘এটি প্রাথমিক তালিকা। চূড়ান্ত বাছাই থেকে কিছু প্রতিষ্ঠান বাদ যেতে পারে। মূলত অর্থ মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ দেয় সেটির ওপর চূড়ান্ত তালিকা নির্ভর করবে।’
এমপিওভুক্তির জন্য অর্থের বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। অর্থের বরাদ্দ দেওয়ার পরপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।


