পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিপিএমএ’র দিনব্যাপী কর্মশালা

ছবি : সংগৃহীত

আমিন মুনশি

০৮ মে ২০২৬, ১১:৪৬ পিএম

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন, কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর মিরপুর-২ এলাকায় ইউসেপ বাংলাদেশের হলরুমে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।


ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার, তাকওয়া ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে প্রাইভেট মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান নয়, বরং আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ খেদমতমূলক সংগঠন। এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। সমাজের মজলুম ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ‘মুহতামিমদের দক্ষতা উন্নয়নে পথ ও পাথেয়’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন মুফতি মোহাম্মদ মুসা খান। এছাড়া ‘প্রতিষ্ঠানের প্রচারণা কৌশল ও দাওয়াহ’ বিষয়ে আলোচনা করেন নাসিফ মুহাম্মাদ।

শেষ পর্বে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে একটি আদর্শ, যুগোপযোগী ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন
কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা
মাদরাসা পূর্ণাঙ্গ কমিটি