৬ ম্যাচ পর নোয়াখালীর প্রথম জয়

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পিএম

এই মৌসুম দিয়েই বিপিএলে অভিষেক হয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির। কিন্তু অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি। শুরুর ৬ ম্যাচেই টানা হেরেছে তারা। অবশেষে সপ্তম ম্যাচে এসে স্বস্তির জয়ের দেখা পেয়েছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।


বিপিএলে এবার নিরাপত্তার বাড়াবাড়ি

শুরুতে ব্যাট করে নোয়াখালী ১৯.৫ ওভারে অলআউট হয় ১৪৮ রানে। জবাবে রংপুর ৯ উইকেট হারিয়ে থামে ১৩৯ রানে। 


অথচ ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেটে ১০০ রান তুলে বেশ স্বস্তিতেই ছিল রংপুর রাইডার্স। সেখান থেকে দারুণ প্রত্যাবর্তন করে নোয়াখালী এক্সপ্রেস। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৯ রানে ছয় উইকেট তুলে নিয়ে রংপুরকে আটকে দেয় ৯ উইকেটে ১৩৯ রানে।

রংপুরের পক্ষে ৩১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন ইফতিখার আহমেদ। শেষ দিকে খুশদিল শাহ ১৬ বলে ২৪ রান করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই খুশদিল আউট হয়ে গেলে রংপুরের আশা কার্যত শেষ হয়ে যায়।

নোয়াখালীর জয়ে বড় ভূমিকা রাখেন পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফর্মার তিনি। শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে গিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেছেন।

এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে নোয়াখালী। সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। তবে এই জয়ে টুর্নামেন্টে তাদের ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে, ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি নোয়াখালী। হাবিবুর রহমান সোহান ১৬ বলে দ্রুত ৩০ রান করেন। সৌম্য সরকার ৩১ এবং জাকের আলী করেন ৩৮ রান। রংপুর ঘুরে দাঁড়ায় মাঝে ও শেষের দিকে।

রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ১৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া শেষ ওভারে হ্যাটট্রিকের দেখা পান মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএল ক্যারিয়ারে যা তার দ্বিতীয়। তাতে ১৯.৫ ওভারে ১৪৮ রানে থামে নোয়াখালীর ইনিংস।