ব্রাজিলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
২০ জুন ২০২৬, ০৪:২৬ পিএম
বাংলাদেশ একবার ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছিল—শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। ১৯৯০ সালে ইউরোপের একটি আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্টে এই কীর্তি গড়েছিল বাংলাদেশের একটি দল। তৎকালীন সময়ে বাংলাদেশ থেকে ‘বাংলা একাদশ’ নামে একটি দল অংশ নেয় ডেনমার্কের ডানা কাপ এবং সুইডেনের গথিয়া কাপে। যুব ফুটবলারদের অন্যতম বড় মিলনমেলা হিসেবে পরিচিত এই দুই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠে বাংলা একাদশ।
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দল। বিখ্যাত হলুদ জার্সি গায়ে মাঠে নামা ব্রাজিলকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের প্রতিনিধিরা।
ইউরোপীয় ইউনিয়নের গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ সেই স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সে সময় দেশের সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছে— এই খবর ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। শুধু ব্রাজিলই নয়, ফাইনালে ওঠার পথে আরও কয়েকটি শক্তিশালী দলকেও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলা একাদশ।
তবে পরে জানা যায়, টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৪ বা অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক হলেও বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের প্রকৃত বয়স নির্ধারিত সীমার চেয়ে কিছুটা বেশি ছিল। যদিও তাদের সরকারি নথিপত্রে বয়স নির্ধারিত সীমার মধ্যেই থাকায় টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো বাধা ছিল না।
তৌহিদ ফিরোজ জানান, সেই ঐতিহাসিক জয়ের পর দেশে এমন আলোচনা শুরু হয়েছিল যে, কয়েক বছরের মধ্যেই হয়তো বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করবে।
যদিও সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি, তবু ব্রাজিলকে ৭-০ গোলে হারানোর সেই স্মৃতি বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও গৌরবময় অধ্যায় হয়ে আছে।


