বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের জয়

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচটি হয়ে রইল জাপানের জন্য স্মরণীয়। তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শক্তিশালী বার্তা দিয়েছে এশিয়ার দলটি। বাংলাদেশ সময় রবিবার (২১ জুন) সকালে ‘এফ’ গ্রুপের ম‍্যাচে ৪-০ গোলে জিতেছে জাপান। জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একবার করে জালের দেখা পেয়েছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।


মেসি হাসলেই হাসে মায়ামি

মন্তেরেই স্টেডিয়ামে তৃতীয় মিনিটে গোলের জন‍্য প্রথম শট নেয় তিউনিসিয়া। হানিবালের মেজব্রির বাঁকানো শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে!


পরের মিনিটে এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার কাট ব‍্যাকে জটলার মধ‍্য থেকে জাল খুঁজে নেন কামাদা। বিশ্বকাপে এটাই এশিয়ার দেশটির দ্রুততম গোল।

দশম মিনিটে অল্পের জন‍্য দ্বিগুণ হয়নি ব‍্যবধান। আয়াসে উয়েদার শট গোললাইন প্রায় পেরিয়েই যাচ্ছিল। কিন্তু স্রেফ কয়েক সেন্টিমিটার বাকি থাকতে ফিরিয়ে দেন তিউনিসিয়া গোলরক্ষক!

৩১তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন উ। ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি গতিময় শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ায় জাপান। উয়েদার রক্ষণ চেরা পাস ধরে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ইতো।

৮৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন উয়েদা। কাইশু সানুর কাট ব‍্যাকে দূরের পোস্টে বল পান তিনি। তার আড়াআড়ি হেড দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে।

বিশ্বকাপে প্রথমবার কোনো ম‍্যাচে চার গোল করল জাপান। আরেকটি বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল তিউনিসিয়া।

এই জয়ে দুই নম্বরে উঠে এলো জাপান। শীর্ষে থাকা নেদারল‍্যান্ডসেরও পয়েন্ট চার।

তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সুইডেন। দুই ম‍্যাচে নয় গোল হজম করা তিউনিসিয়া বিদায় নিল বিশ্বকাপ থেকে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস।