সৌভাগ্যের আশায় ঐতিহ্যবাহী জার্সিতে আর্জেন্টিনা-স্পেন

ছবি : সংগৃহীত
১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
বিশ্বকাপের মহারণের আগে চূড়ান্ত হয়েছে দুই দলের জার্সি। ঐতিহ্যবাহী ‘পয়া’ জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। অতীতের পরিসংখ্যান বলছে, এই জার্সিতেই বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি আছে দুই দলেরই।
১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে, দাবি সাকিবের
৪০ দিনের ফুটবল উৎসবের পর্দা নামছে রোববার। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
ফিফা ইতোমধ্যে ফাইনালের জার্সি নিশ্চিত করেছে। দুই দলই নিজেদের ঐতিহ্যবাহী হোম কিট পরবে। আর্জেন্টিনা খেলবে আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজায়। অন্যদিকে স্পেন মাঠে নামবে লাল জার্সির সঙ্গে গাঢ় নীল (নেভি ব্লু) শর্টস ও মোজা পরে।
আর্জেন্টিনার জন্য এই জার্সি সৌভাগ্যের প্রতীক। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২—তিনটি বিশ্বকাপই তারা জিতেছে এই কম্বিনেশন পরে। বিপরীতে নীল অ্যাওয়ে জার্সি আর্জেন্টাইন সমর্থকদের কাছে অনেকটা ‘অপয়া’ হিসেবেই পরিচিত। ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে নীল জার্সি পরে জার্মানির কাছে হেরে শিরোপা হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
তবে নীল জার্সিরও কিছু সুখস্মৃতি আছে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনা খেলেছিল নীল জার্সি পরে। এবারও সেমিফাইনালে একই রঙের জার্সিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে স্পেনের লাল জার্সি ও নেভি ব্লু শর্টসের কম্বিনেশনও তাদের জন্য স্মরণীয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল লা রোহা এই জার্সি পরেই। এবারও সেই সৌভাগ্য ফিরিয়ে আনতে চাইছে স্প্যানিশরা।
রোববারের ফাইনালে জয় পেলে আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে ইতালি ও জার্মানির রেকর্ড স্পর্শ করবে। পাশাপাশি টানা দুই আসরে শিরোপা জিতে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার কীর্তিও গড়বে। আর স্পেন জিতলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। শেষ পর্যন্ত ‘পয়া’ জার্সি কার ভাগ্য বদলায়, তার উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামের ৯০ মিনিটের লড়াইয়ে।


