রমজানে ইবাদতের সহায়ক অ্যাপ

ছবি : সংগৃহীত
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পিএম
রমজান মানেই আত্মসংযম, আত্মশুদ্ধি আর আল্লাহর সান্নিধ্য লাভের এক বিশেষ সময়। তবে ব্যস্ত জীবনে অনেক সময় ইবাদতের রুটিন গুছিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। ঠিক এখানেই সহায়ক হতে পারে কিছু নির্ভরযোগ্য ইসলামিক মোবাইল অ্যাপ। আর প্রযুক্তির সঠিক ব্যবহার রমজানের ইবাদতকে করতে পারে আরও নিয়মিত, সচেতন ও সহজ।রমজানে বহুল ব্যবহৃত ও কার্যকর কয়েকটি অ্যাপ হলো,
রবি ৫, বাংলালিংককে ১৫ শতাংশ বিদেশি মালিকানা ছাড়তে হবে
মুসলিম প্রো
বিশ্বজুড়ে জনপ্রিয় এই অ্যাপটিতে রয়েছে নামাজের সঠিক সময়সূচি, কিবলা নির্ধারণ, কুরআন তিলাওয়াত (অডিওসহ), দোয়া ও জিকিরের সংগ্রহ। রমজানে সাহরি ও ইফতারের সময় মনে করিয়ে দেয়ার সুবিধাও আছে। ভিন্ন ভিন্ন কারির কণ্ঠে কুরআন শোনার সুযোগ থাকায় তিলাওয়াতে মনোযোগ বাড়ে।
আজান
নামাজের সময় হলে আজানের মাধ্যমে স্মরণ করিয়ে দেয় এই অ্যাপ। রমজানে রোজার নিয়ত, ইফতারের দোয়া এবং ইসলামিক ক্যালেন্ডার ব্যবহারের সুবিধা রয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য সময়মতো নামাজ আদায়ে এটি কার্যকর সহায়ক।
কুরআন মাজিদ
পবিত্র কুরআন পাঠ ও অর্থ বোঝার জন্য জনপ্রিয় একটি অ্যাপ। এতে রয়েছে তাফসির, বাংলা অনুবাদসহ বিভিন্ন ভাষায় অনুবাদ সুবিধা। রমজানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তিলাওয়াতের লক্ষ্য নির্ধারণ করে রাখা যায়, যা খতমে কুরআন সম্পন্ন করতে সহায়তা করে।
তাসবিহ কাউন্টার
যারা জিকির ও তাসবিহ নিয়মিত পড়তে চান, তাদের জন্য এই অ্যাপ উপকারী। কতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার পড়া হলো তা সহজেই হিসাব রাখা যায়। তারাবির পর বা ফজরের পর জিকিরে মনোযোগ ধরে রাখতে এটি সহায়ক।
ইসলাম ৩৬০
ইসলামিক জ্ঞানের ভাণ্ডার এই অ্যাপ। এতে রয়েছে কুরআন, হাদিস ও তাফসিরের বিশাল সংগ্রহ। যেকোনো বিষয়ে জানার জন্য সার্চ বক্সে লিখে সার্চ করলেই সংশ্লিষ্ট আয়াত বা হাদিস খুঁজে পাওয়া যাবে। মুসলিমদের প্রধান ছয়টি হাদিস গ্রন্থ বা ‘সিহাহ সিত্তাহ’ এর মধ্যে পাওয়া যাবে। রমজানে মাসআলা-মাসায়েল জানার জন্য এটি দারুণ কার্যকরী। তিলাওয়াতের পাশাপাশি অন্যান্য ধর্মীয় আলোচনার অডিও শোনার সুবিধাও এতে রয়েছে।
কেন ব্যবহার করবেন ইবাদত সহায়ক অ্যাপ
সাহরি, ইফতার ও নামাজের সময়সূচি সহজে জানা যায়। ফলে সময়ের সঠিক ব্যবস্থাপনা হয়। রিমাইন্ডার থাকায় ইবাদতে গাফিলতি কমে। কুরআনের অর্থ, তাফসির ও হাদিস পড়ার সুযোগ তৈরি হয়। এছাড়া প্রতিদিনের আমল ট্র্যাক করে আত্মমূল্যায়ন সম্ভব।
সতর্কতা
অ্যাপ ইবাদতের বিকল্প নয়, বরং সহায়ক মাধ্যম। প্রযুক্তির ব্যবহার যেন মনোযোগ নষ্ট না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিজ্ঞাপন বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে দূরে থাকতে প্রিমিয়াম বা অফলাইন সুবিধা ব্যবহার করা যেতে পারে।
রমজান কেবল ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি আত্মগঠনের সময়। হাতে থাকা স্মার্ট ফোনটিই যদি হয়ে ওঠে ইবাদতের সঙ্গী, তাহলে ব্যস্ততার মাঝেও আল্লাহর স্মরণে থাকা সহজ হয়। প্রযুক্তি তখন বিভ্রান্তির নয়, বরং আত্মশুদ্ধির হাতিয়ার হয়ে ওঠে।


