সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।


এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান।


নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

দুপুর সাড়ে ১২টা : মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিকেল ৩টা : নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।

বিকেল ৪টা : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।