কেন সিলেট থেকেই শুরু হয় বিএনপির নির্বাচনী যাত্রা?
.jpg)
ছবি : সংগৃহীত
২২ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পিএম
বাংলাদেশের রাজনীতিতে এ যেন এক অলিখিত নিয়ম। নির্বাচন ঘনিয়ে এলেই বড় রাজনৈতিক দলগুলোর প্রচারের সূচনা ঘটে সিলেট থেকে। বিএনপি কিংবা অন্য কোনো দল, সব জাতীয় নির্বাচনের আগে প্রচারের প্রথম মঞ্চ হিসেবে তারা বেছে নেন সিলেটকে। কেন এমনটা হয়, কেন চায়ের নগরী খ্যাত এই শহর থেকেই শুরু হয় নির্বাচনি লড়াই?
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ছিলেন মওলানা ভাসানী
বিশ্লেষকদের মতে, সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করার অন্যতম প্রধান কারণ হলো- ঐতিহ্য ও রাজনৈতিক রেওয়াজ। স্বাধীনতার পর দেশের জাতীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে সিলেটকে কেন্দ্র করে। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ছিল। ১৯৭০ ও ৮০-এর দশকে সিলেট ছিল বিএনপির অন্যতম রাজনৈতিক ঘাঁটি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচনি প্রচার শুরু করার ক্ষেত্রে সিলেটকে বিশেষ গুরুত্ব দিতেন। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ১৯৯১ সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই রেওয়াজ দলীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।
আবার কেউ বলছেন, এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার ঘিরে এখানকার ধর্মীয় আবেগ রাজনীতিতেও প্রভাব বিস্তার করে। অনেক রাজনৈতিক নেতা বিশ্বাস করেন, প্রচারের শুরুতে মাজার জিয়ারত করলে তা শুভ সূচনা হিসেবে বিবেচিত হয় এবং জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে।
আবার কারো ধারণা, সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরুর অর্থ জাতীয় রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দেওয়া— দল মাঠে নেমেছে, নির্বাচনকে সামনে রেখে লড়াই শুরু হয়ে গেছে। গণমাধ্যমের নজর সহজেই সিলেটের কর্মসূচির দিকে পড়ে। ফলে প্রথম দিন থেকেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রচার।
এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- সিলেটে প্রবাসী জনগোষ্ঠীর প্রভাব। সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন। তারা সরাসরি ভোট না দিলেও অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক প্রভাবের কারণে রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট থেকে প্রচার শুরু করলে সেই বার্তাটি প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে যায়।
এসব ঐতিহ্য ও রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় দীর্ঘ ২১ বছর পর বুধবার (২১ জানুয়ারি) সিলেটের মাটিতে পা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের পরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তিনি।
সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম সিলেটে এলেন তিনি। একই সঙ্গে এটিই তার প্রথম নির্বাচনি সমাবেশ এবং প্রথমবারের মতো দলীয় চেয়ারম্যান হিসেবে সিলেটে মাজার জিয়ারতের ঘটনা।


